মোঃ দিদারুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস এক অর্থে গণতন্ত্র পুনরুত্থান দিবস।” একই সঙ্গে তিনি জুলাইসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মাহুতি দেওয়া শহিদদের স্মরণ করেন এবং গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (৫ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বক্তব্যের শুরুতে জুলাইসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দেশের জন্য আত্মাহুতি দেওয়া ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জুলাই একদিকে আনন্দঘন, অন্যদিকে বেদনাবিধুর। জুলাই মানে সন্তানহারা মা-বাবার বুকফাটা কান্না, ভাই হারানো বোন ও বোন হারানো ভাইয়ের বেদনা। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের জীবন, অথচ দেশের প্রয়োজনে মানুষ সেই জীবনও উৎসর্গ করেছে। তিনি বলেন, জুলাইয়ের শহিদরা জীবন দিয়ে মৃত্যুকে জয় করেছেন। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলন সার্বজনীন রূপ নেওয়ার কারণেই ফ্যাসিস্ট আওয়ামী শাসনের অবসান ঘটে। তাই বহু ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “জুলাই-২৪ স্কয়ার-বিজয় সোপান” এ গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নির্মাণাধীন প্রস্তাবিত জুলাই সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


