এম এ মান্নান : পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজ-এর শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মেধাবী শিক্ষার্থী তামান্না খাতুন। এ উপলক্ষে ১৬ই জুন রোজ মঙ্গলবার ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির।তাঁর এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। কলেজটি পোরশা উপজেলার গাংগুরিয়া এলাকায় অবস্থিত এবং দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তামান্না খাতুন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং একাডেমিক ফলাফলের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অতিথিরা তামান্না খাতুনকে শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। বক্তারা বলেন, তামান্নার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় তামান্না খাতুন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Share
সাম্প্রতিক খবর


