নিজস্ব সংবাদদাতা:
জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় পাবনায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে শহরের আব্দুল হামিদ সড়কের হাজী আকবর আলী মার্কেট এবং মহিলা কলেজ সড়কের রবিউল মার্কেটে এ অভিযান চালানো হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে পরিচালিত এসব অভিযানে মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করা, সরকার নিষিদ্ধ ঔষধ বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহের মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় শহরের ইমদাদ মেডিকেল হলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটি ৩ দিনের জন্য সাময়িকভাবে সিলগালা করা হয়।
অভিযানে পীস ফার্মেসি পণ্যের মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আশিক মেডিসিন কর্ণার প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা ও জনস্বার্থে ৩ দিনের জন্য সাময়িকভাবে সিলগালা করা হয়।
একই দিনে রবিউল মার্কেট এলাকায় রিয়েল কসমেটিক্সকে পণ্যের মোড়কবিহীন ও আমদানিকারকবিহীন পণ্য বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘গ্লোছিয়া’ নামের আরেকটি কসমেটিক্স দোকানকে একই অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশকর্মী শফিক আল কামাল, র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি চৌকস দল এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Share
সাম্প্রতিক খবর


