চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে ফেভিকল কোম্পানির আঠা (গ্লু) তৈরির কাঁচামালবাহী একটি
কাভার্ড ভ্যান উল্টে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ
গুরুতর আহত হননি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকামুখী মহাসড়কের অর্ধেক অংশজুড়ে কাভার্ড
ভ্যানটি উল্টে পড়ে আছে। ওই কাভার্ড ভ্যান থেকে কিছু ড্রাম বের হয়ে সড়কে
ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। ড্রাম থেকে বের হওয়া আঠা তৈরির কাঁচামালে সড়কের একাংশ
সাদা হয়ে গেছে। কয়েকজন শ্রমিক এসব কাঁচামাল সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা
করছেন।
কাভার্ড ভ্যানটির চালক সুজন কুমার নাথ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইস্টার্ন রিফাইনারি এলাকা থেকে ৩৯টি ড্রামভর্তি আঠা তৈরির কাঁচামাল নিয়ে তিনি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়ি নিয়ে রওনা হন। একপর্যায়ে তিনি উপজেলার বার আউলিয়া দরগা এলাকা পার হওয়ার পর বুঝতে পারেন, গাড়ির পেছনের ডালা খুলে গেছে। এরপর তিনি কাভার্ড ভ্যানটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কেই উল্টে যায়। এতে তিনি ও তাঁর সহকারী সামান্য আহত হয়েছেন।


