জয় আহমেদ জনি : নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আঃ কাদের (৩১) উপজেলার গন্ডবিল এলাকার আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
জানা যায়, গত ২৭ মে বুধবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে মাধবপুর মোড় এলাকায় লালপুর থেকে রাজশাহীগামী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি একটি অটোচার্জার গাড়ির যাত্রী ছিলেন। মাধবপুর পাকা রাস্তার বাঁকে গাড়িটি টার্ন নেওয়ার সময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।
পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর খোন্দকার জানান, নিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share
সাম্প্রতিক খবর

