বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
ক্রিকেট টোয়েন্টি ফোরের এবারের আয়োজনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন এক্সক্লুসিভ এলিমিনেটরস।
আনন্দ, উল্লাস আর উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো চ্যানেল 24’র কর্মীদের নিয়ে আয়োজিত শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট টোয়েন্টিফোরের চতুর্থ আসর। যেখানে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে এক্সক্লুসিভ এলিমিনেটরস।
রাজধানীর বিজি প্রেস মাঠে মঙ্গলবার (২১ এপ্রিল) ৭ ওভারের ফাইনাল ম্যাচে ব্রেকিং ব্যারিয়ারসের দেয়া ৯২ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতেই পেরিয়ে যায় এক্সক্লুসিভ এলিমিনেটরস।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এক্সক্লুসিভ এলিমিনেটরসের অধিনায়ক মইন-উল তৌহিদ। টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন রানার্স আপ দলের অধিনায়ক জহির সাগর। আসরে সর্বোচ্চ রান ও বেশ কয়েকটি উইকেট নিয়ে টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি। আসরে সর্বোচ্চ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছেন এক্সক্লুসিভ এলিমিনেটরসের তারেক আজিজ।
আনন্দ, ঐক্য, সম্প্রীতির এই টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন বিভাগের সবাইকে এক সুতোয় গেঁথেছে শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট টোয়েন্টি ফোর।
ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন চ্যানেল 24’র ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সৈয়দ ইসরাফিল খসরু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন, নির্বাহী পরিচালক জহিরুল আলম ও স্পোর্টস এডিটর দিলু খন্দকার।
বেষ্ট বলারের পুরুষ্কার ও ট্রপির বিষয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভাস্থ এনায়েতপুরের তরুণ উদীয়মান ক্রিকেটার তারেক আজিজের কাছে তাঁর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি ছোট বেলা থেকেই ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটকে ভালোবাসি। তবে এবারের ক্রিকেট টোয়েন্টি ফোরের আয়োজনে আমি শুরু থেকেই এক্সক্লুসিভ এলিমিনেটরস দলের হয়ে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো এজন্যই আমার এ অর্জন সম্ভব হয়েছে। আমাকে এত সুন্দর আয়োজনে সুযোগ করে দেওয়ার জন্য ক্রিকেট টোয়েন্টিফোরের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নিজেদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজনকে সাধুবাদ জানান প্রতিষ্ঠানের কর্মীরাও। টানা চার বছরে চার আসর। পঞ্চম আসরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে ফাইনাল শেষেই।

Share
সাম্প্রতিক খবর

