কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে, প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। ভার্চুয়ালি যুক্ত হয়ে কুষ্টিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন করেন তিনি।
শনিবার (২ মে ২০২৬) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে কুষ্টিয়া স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাইসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলাই আমাদের লক্ষ্য।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। এই আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। চলবে আগামী ৬মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন হিসেবে নয়, বরং পেশা হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তার একটি অনন্য মাইলফলক। এর মাধ্যমে গ্রামীণ জনপদ থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে। একই সময়ে সারাদেশের সকল জেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম একযোগে শুরু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও ফলাফল জানা যাবে সরকারি ওয়েবসাইট থেকে। কুষ্টিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় কিশোর ক্রীড়াবিদদের অংশগ্রহণে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।
এদিকে আয়োজকরা জানান, তরুণদের মাঝে ক্রীড়া চর্চা বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
সাম্প্রতিক খবর

