সৌদি আরব প্রতিনিধি: তানিয়া আহমেদ
সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতীক মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান এবং প্রতিষ্ঠানটির নতুন অপটিক্যাল শাখার শুভ উদ্বোধন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সংবর্ধনার আয়োজন করেন মেডিনোভার চেয়ারম্যান এইচ এম কেফায়েত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সেলিম উদ্দিন দিদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা মো. বশির, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানসহ সংগঠনের সকল গণমাধ্যমকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মেডিনোভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রবাসের মাটিতে সঠিক সংবাদ পরিবেশন ও প্রবাসী কমিউনিটির সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাওয়া সাংবাদিকদের সম্মান জানাতে রিয়াদের আল-আজিজিয়ায় অবস্থিত মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের সভাকক্ষ মুখরিত হয়ে ওঠে। বর্ণাঢ্য এই আয়োজনে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা এবং সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সংবর্ধনা গ্রহণ করে উপস্থিত সাংবাদিকরা মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে এবং আস্থার পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
পরিশেষে নৈশভোজ ও প্রীতি ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনটির সফল সমাপ্তি ঘটে।

Share
সাম্প্রতিক খবর

