আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ইরান ইস্যুতে দ্রুত সমাধানের আশা দেখছেন ট্রাম্প

Share

আই ওয়ান ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংকট খুব দ্রুতই শেষ হতে পারে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে হরমুজ প্রণালির অবরোধ এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে একটি সমঝোতা চুক্তির প্রচেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, “আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন আমরা খুব গুরুত্বপূর্ণ কারণেই এসব করছি। আমরা ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না।”

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ এখন পরিস্থিতি বুঝতে পেরেছে এবং তারা উপলব্ধি করছে যে যুক্তরাষ্ট্র যা করছে, তা সঠিক সিদ্ধান্ত। ট্রাম্পের ভাষায়, “খুব দ্রুতই এর সমাধান হবে বলে আমি মনে করি।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র একদিকে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালালেও অন্যদিকে ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন