বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
গতকাল ১৩ মে, বুধবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা রাশেদ, শাহেদ, সিরাজ ও শহিদ। তাদের পিতার নাম আবদুল মজিদ তারা দীর্ঘদিন ধরে ওমান প্রবাসে কর্মরত ছিলেন।
তাঁদের মৃত্যুর কারন এখনও স্পষ্ট না জানা গেলেও ওমানে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার বাংলাদেশি ভাই। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো সেই চার ভাই এবার ফিরছেন দেশের মাটিতে লাশ হয়ে। এই হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়া এলাকা।
পরিবার সূত্রে জানা যায় চার ভাইয়ের মধ্যে দুইজন ছিলেন অবিবাহিত। আগামী ১৫ মে তারা দেশে ফেরার কথা ছিলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষে কর্মস্থলে ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। যে সন্তানদের ফেরার অপেক্ষায় ছিল পরিবার, সেই সন্তানরাই ফিরছে লাশ হয়ে এমন নির্মম বাস্তবতা যেন কেউ মেনে নিতে পারছে না।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও এমন মর্মান্তিক মৃত্যু ও একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুতে গভীর শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই হৃদয় বিদারক মৃত্যুতে ছড়িয়ে পড়েছে অসংখ্য শোকবার্তা। অনেকেই বলছেন জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রবাসে এভাবেই ঝরে পড়ে নিঃশব্দে প্রিয় মানুষের অসংখ্য প্রাণ।

Share
সাম্প্রতিক খবর

