আল মামুন তালুকদার: স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় বিভিন্ন থানায় দায়ের হওয়া ২১টি মামলার আসামি ও তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হৃদয় হাসান রাজু (৩০) কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২ নম্বর কালাই ইউনিয়নের পাঁচগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হৃদয় হাসান রাজু কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুর রহিম প্রামানিকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, বলপূর্বক গ্রহণ, সরকারি কর্মচারীর ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন থানায় প্রায় ২১টি মামলা রয়েছে।
এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share
সাম্প্রতিক খবর

