রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও

Share

শফিকুল ইসলাম : তাহিরপুর সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।

এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দেওয়া উপহার পূজা উদযাপন কমিটির সভাপতি রিংকু সরকার ও সাধারণ সম্পাদক নির্মল দাসের হাতে তুলে দেন ইউএনও।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তাহিরপুর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত দেবশ রায়, বড়ছড়া শুল্ক স্টেশনের সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম, মেহেদি হাসান উজ্জ্বল, জয়নাল আবেদীন, রাজু মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী কাদির মিয়া এবং পূজামণ্ডপের ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা মন্নান মাস্টার ও মাসুক মিয়া প্রমূখ। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ উৎসব আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে পূজা-অর্চনা। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং বিজয়া দশমীতে নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন