এম এ আলিম রিপন : পাবনা জেলা প্রতিনিধি
ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই ভূমি সেবার মানোন্নয়ন সম্ভব।
ভূমি সেবার মানোন্নয়নে শুধু প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট নয়, সেবাগ্রহীতাদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
ভূমি সংক্রান্ত সঠিক তথ্য ও আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ নাগরিকদের জ্ঞান যত বাড়বে, সেবাখাতে ইতিবাচক পরিবর্তন তত দ্রুত দৃশ্যমান হবে’।
এছাড়া প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা প্রাপ্তিতে গণশুনানি অনেক কার্যকর ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় সাধারণ মানুষকে দালাল নির্ভরতা পরিহার করে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন
এ গণশুনানি শুধু সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম নয়। এটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে একটি কার্যকর উদ্যোগ।
গণশুনানিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আখতার,আবুল কালামসহ শতাধিক সাধারণ সেবা গ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা এ সময় সরাসরি ভূমি সেবা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।


