যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকাসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ মে, ২০২৬) দুপুরে পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এবং একই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া) ফাতেমা খাতুন। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হিসেবে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল।
অভিযোগ রয়েছে, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে প্রধান শিক্ষিকার নির্দেশে আয়া ফাতেমা খাতুন গোপনে ওই ছাত্রীর উত্তরপত্রটি নিয়ে ভুল সংশোধন করার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা প্রশাসন তাৎক্ষণিক বিষয়টি তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং অভিযুক্ত দুইজনকে আটক করে।
আইনগত ব্যবস্থা
শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান:
“উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। পরীক্ষার্থীর উত্তরপত্রে অনৈতিক হস্তক্ষেপের দায়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আরও অধিকতর তদন্ত চলছে।”
কেন্দ্র কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন
এদিকে এই জালিয়াতির ঘটনায় কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান এবং কমিটির সদস্য আব্দুস সালাম ও মহেন্দ্রনাথ ধরের বিরুদ্ধে চরম দায়িত্ব অবহেলা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন অভিভাবক মহল। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
মেয়ের এসএসসি পরীক্ষার উত্তরপত্র সংশোধনের চেষ্টা প্রধান শিক্ষিকাসহ আটক ২

Share
সাম্প্রতিক খবর

