স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জান্নাত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত আলী ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি রাস্তা ব্যবহার ও তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Share
সাম্প্রতিক খবর

