শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে আব্দুল কাদের

Share

জয়পুরহাট প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিক ও বিএনপি নেতা আব্দুল কাদের মন্ডল। তিনি বর্তমানে আওলাই ইউনিয়ন বিএনপির ১নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্দুল কাদের মন্ডল উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তার পিতা আলহাজ্ব মো. আব্দুল লতিফ মন্ডল। পারিবারিকভাবেই তাদের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বড় আব্বা কসিম উদ্দিন পাকিস্তান আমলে আওলাই ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাদা আলহাজ্ব কফিল উদ্দিন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তার চাচা সিরাজুল ইসলামও ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে দলের রাজনীতিতে ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। সেই ধারাবাহিকতায় আব্দুল কাদের মন্ডলও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। স্থানীয় বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাকে একক দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে তার সমর্থকদের দাবি।
রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত আব্দুল কাদের মন্ডল। স্থানীয়দের মতে, তিনি এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন মামলায় আসামি হয়ে ফেরারি জীবনযাপন করতে হয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আব্দুল কাদের মন্ডল। একই সঙ্গে ইউনিয়নকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী। তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। তাদের খেলাধুলার দিকে নিয়ে আসতে হবে। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।”
পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সরকারি সুবিধা বণ্টনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
আওলাই ইউনিয়নটি উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এবং ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী অবস্থানের কারণে ইউনিয়নটিতে অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি। নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের মন্ডল একজন তরুণ রাজনীতিক। ইউনিয়নের বিপুলসংখ্যক তরুণ ভোটার তার পক্ষে কাজ করবেন বলে তারা আশা করছেন। তার প্রার্থিতা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন