শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ/ত্ম/হ/ত্যা

Share

ফয়সাল রহমান জনি : গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোতে দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে এসপির সরকারি বাংলোর বাথরুমে সহকর্মীদের অজান্তে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী জেলা শহরের সরকারপাড়ায়। পারিবারিক জীবনে তিনি এক ছেলে সন্তানের বাবা। তাঁর সন্তানের বয়স ৮ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাবিবুর আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে যুক্ত ছিলেন। একপর্যায়ে ভিডিও কল চলাকালীন তিনি বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় কনস্টেবল হাবিবুর রহমান আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন