মোঃ দিদারুল ইসলাম:নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের দিন থেকে চার বছর পর্যন্ত তিনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এর আগেই তার অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে নিয়োগের মেয়াদ সেখানেই শেষ হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৭ ডিসেম্বরের প্রজ্ঞাপনে নির্ধারিত মাসিক সম্মানী এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনকালে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী ট্রেজারারের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবেন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
তবে নিয়োগের শর্ত অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।


