পাবনা জেলা প্রতিনিধি:
গ্রীষ্মের তীব্র দাবদাহে পাবনার আটঘরিয়া উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পানীয় তালের রস সংগ্রহের মৌসুম। সূর্যের তাপ যতই বাড়ছে, ততই গ্রামীণ জনপদের তালগাছগুলো হয়ে উঠছে মানুষের তৃষ্ণা মেটানোর অন্যতম ভরসা। ভোর থেকে শুরু করে দিনভর গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে তালগাছ থেকে সংগ্রহ করা হচ্ছে মিষ্টি, শীতল ও পুষ্টিকর তালের রস।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তালগাছের মালিক ও রস সংগ্রহকারীরা অত্যন্ত যত্নসহকারে গাছ থেকে রস সংগ্রহ করছেন এবং তা মাটির পাত্রে সংরক্ষণ করে স্থানীয় হাট-বাজার, গ্রামীণ দোকান ও বিভিন্ন বিক্রয় পয়েন্টে নিয়ে যাচ্ছেন। মাটির পাত্রে সংরক্ষণের কারণে রস কিছুটা ঠান্ডা থাকে এবং স্বাদও তুলনামূলকভাবে ভালো হয় বলে জানিয়েছেন বিক্রেতারা।
বর্তমানে তালের রস লিটার প্রতি ৮০ টাকা এবং গ্লাস প্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরমের তীব্রতায় এই প্রাকৃতিক পানীয়ের চাহিদা দ্রুত বাড়ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় রস বিক্রেতা মুনতাজ আলী বলেন, “দিনে তিন বার তালের রস সংগ্রহ করা হয়। এখন গরম বেশি, তাই চাহিদাও অনেক বেড়েছে। এই রস খেলে শরীর ঠান্ডা থাকে, গ্যাস ও পেটের সমস্যা কিছুটা কমে এবং ক্লান্তি দূর হয়। রস সংগ্রহ করার পর দ্রুতই সব বিক্রি হয়ে যায়, কোনো রস অবশিষ্ট থাকে না। মানুষ এখন তালের রসের প্রতি অনেক আগ্রহী।”
তিনি আরও বলেন, “আগে এত চাহিদা ছিল না, এখন মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে। অনেকেই নিয়মিত এসে রস পান করছে।”
আরেক বিক্রেতা জানান, “শুধু গ্রামের মানুষ নয়, এখন শহরমুখী অনেক মানুষও এসে তালের রস কিনছে। কেউ পরিবার নিয়ে এসে খাচ্ছে, কেউ আবার বাড়িতে নিয়ে যাচ্ছে। গরমে এটা এখন সবার প্রিয় পানীয় হয়ে উঠেছে।”
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখা, ক্লান্তি দূর করা এবং পানিশূন্যতা কমানোর জন্য তালের রস একটি জনপ্রিয় প্রাকৃতিক পানীয় হয়ে উঠেছে। অনেকেই মনে করেন, বাজারের কৃত্রিম কোমল পানীয়ের তুলনায় তালের রস অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর।
স্থানীয় এক ক্রেতা বলেন, “গরমে এই রস না খেলে যেন শরীর ঠিক থাকে না। এক গ্লাস খেলে শরীরে যেন শক্তি ফিরে আসে।”
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ডা. সুপ্রভারানী) বলেন, “তালের রস একটি প্রাকৃতিক ও পুষ্টিকর পানীয়, যা শরীরকে দ্রুত হাইড্রেট করতে সাহায্য করে এবং গরমে শারীরিক দুর্বলতা ও ক্লান্তি কিছুটা কমায়। তবে এর উপকারিতা পুরোপুরি পেতে হলে অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবেশন করতে হবে। বিশেষ করে মাটির পাত্রে সংরক্ষণ করলে রস কিছুটা নিরাপদ ও শীতল থাকে। কিন্তু অপরিষ্কার পাত্র, দীর্ঘ সময় খোলা রাখা বা অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হলে এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হয়, যা পেটের সমস্যা, ডায়রিয়া ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই সবাইকে সতর্ক থেকে সদ্য সংগ্রহ করা ও নিরাপদ তালের রস গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।”
কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, “তালগাছ আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এটি শুধু একটি ফলদ গাছ নয়, বরং গ্রামীণ অর্থনীতি, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে। পরিকল্পিতভাবে তালগাছ রোপণ, পুরনো গাছ সংরক্ষণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা করা গেলে তালের রস উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন গ্রামীণ মানুষের আয় বাড়বে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালের রস সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানো হবে এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রীষ্মের এই সময়ে তালের রস শুধু একটি পানীয় নয়, বরং আটঘরিয়ার গ্রামীণ জীবনের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য হয়ে উঠেছে।

Share
সাম্প্রতিক খবর

