তিমির বনিক : মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়া বাগান রোড এলাকার একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ওই এলাকায় আউশধান কাটার সময় শ্রমিকরা ধানক্ষেতে অজগরটি দেখতে পান। সাপটি দেখে ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগরটি বনে অবমুক্ত করা হবে।


