শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী, সম্মাননায় দুই বিশিষ্ট ব্যক্তি

Share

দিদারুল ইসলাম :;নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পুরনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা, ‘নজরুল পদক ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবির নামে হওয়ায় সকল ক্ষেত্রেই আলাদা সহযোগিতা পাচ্ছি। দেশের প্রায় ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরে একাডেমিক ও অবকাঠামো সবদিকেই অনেক উন্নতি করেছে।’

তিনি আরও বলেন, ‘কবির জীবদ্দশায় কবিকে যথাযথ সম্মান দেখানো হয় নি। যার যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে ততটুকু সম্মান দিতে হবে। আর প্রচারেই প্রসার, তবে কবি নজরুলের সৃষ্টিকর্মের তেমন প্রচার হয় নি। নজরুলের স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।’

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল-গবেষক আবদুল হাই শিকদারকে ‘নজরুল পদক ২০২৬’ প্রদান করা হয়। সংগীতে নজরুল-শিল্পী শবনম মুশতারীর পদক গ্রহণের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পদক পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে ‘গাহি সাম্যের গান’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন