জয় আহমেদ জনি: নাটোর প্রতিনিধি
কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নাটোরের সিংড়া উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট চৌগ্রাম এলাকার মো. রনি এবং পুকুরপাড়া এলাকার রত্না পারভীন কৃষিজমিতে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।
ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী মো. রনিকে ৫০ হাজার টাকা এবং রত্না পারভীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “উর্বর কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে না। কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

Share
সাম্প্রতিক খবর

