ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম
ময়মনসিংহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আবারও কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি।
জানা গেছে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস্ পাচারের চেষ্টা চালায় চোরাকারবারীরা। এ তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ মে রাতে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রীম, বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘণ্টা টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

Share
সাম্প্রতিক খবর

