চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে “আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী- প্রতিষ্ঠান সম্মাননা” অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, “ছেলে হোক, মেয়ে হোক,দুটি সন্তানই যথেষ্ট” এবং “কাঙ্ক্ষিত জনসংখ্যা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষিজমির ওপর চাপ বাড়ছে এবং মাথাপিছু সম্পদের প্রাপ্যতা কমে যাচ্ছে। তিনি বলেন,দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে বেকারত্ব কমবে, রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি স্বাস্থ্যসেবা,পুষ্টি,পরিবার পরিকল্পনা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) ডা. মঞ্জুরুল হাসান (বেলু) এবং আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠকর্মীরা বলেন,গর্ভবতী মায়েদের নিজের সন্তানের মতো সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধেও মাঠপর্যায়ে কাজ চলছে। তবে দীর্ঘদিন ধরে ডেলিভারি-সংক্রান্ত ওষুধের সংকট এবং অনেক এলাকায় কাঁচা রাস্তা থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
আলোচনা সভায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য, তরুণদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুদ্ধকরণ, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং সরকারের বিভিন্ন জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
Share
সাম্প্রতিক খবর


